ফেরার কথা ছিল না
মোহাম্মদ_রাসেল_হাসান
হয়তো কোনোদিন কারো ফেরার কথা ছিল না,
তবুও কেন যেন দরজার কপাটে আজও মরচে পড়া শব্দ শুনি।
তুমি বলেছিলে, শ্রাবণ শেষ হলে আকাশটা পরিষ্কার হবে,
আমি আজও সেই পরিষ্কার আকাশের নিচে একা দাঁড়িয়ে
দেখছি, মেঘেরা কেমন করে আমাদের না বলা কথাগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে।
সবাই বলেছিল, জীবন একটা নদীর মতো বয়ে যাবে,
কিছুই হারাবে না, শুধু রূপ বদলাবে।
অথচ আমার কাছে সবটাই তো বালির বাঁধের মতো ধসে গেল।
তোমার ওই হাতের উষ্ণতা, ওই প্রতিশ্রুতি
সবই কি তবে মিথ্যে ছিল, নাকি সময়ের স্রোতে ওগুলো কেবলই আবর্জনা?
আমি এখন আর অভিযোগ করি না, কারণ আয়নায় নিজের মুখটাই অচেনা লাগে।
কথা রাখার মানুষগুলো সবাই এখন অন্য কোথাও ব্যস্ত,
কেউ ঘর বেঁধেছে, কেউ বা মৃত স্বপ্নের সমাধির ওপর দাঁড়িয়ে হাসছে।
আর আমি? আমি শুধু সেই অসম্পূর্ণ কবিতার শেষ লাইনটা খুঁজে ফিরছি,
যেখানে লেখা থাকার কথা ছিল
‘সবশেষে সবটাই পাওয়া হয়েছে।’
কিন্তু না, কিছুই পাওয়া হয়নি।
শুধু কিছু না পাওয়ার ভারী স্তূপ বুকে নিয়ে,
আমি রোজ নিজেকেই নিজে সান্ত্বনা দিই
আসলে কেউ কথা রাখেনি, আর আমি কারো অপেক্ষায় থাকাটাও ভুলিনি।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩