নিজস্ব প্রতিবেদক_
মেধা ও সাফল্যের স্বীকৃতি দিতে রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা–২০২৬’। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য তাঁরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ভবিষ্যতে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের অধ্যবসায় ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ।
সম্মানিত অতিথি রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন কলেজের শিক্ষার পরিবেশ আরও উন্নত করার ওপর জোর দেন। তিনি পরিচ্ছন্নতা বজায় রাখা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মতিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মো. রাশেদ করিম, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ইব্রাহিম আলী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর রাজশাহীর পরিচালক অধ্যাপক হুমায়ুন কবীর, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. মো. আব্দুর রউফ এবং সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক জুবাইদুর রহমান আল গালিব। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩