শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

শ্রীবরদীতে স্বাস্থ্যকর্মীদের হুমকি-ধমকি, প্রতিবাদে মানববন্ধন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

শ্রীবরদীতে স্বাস্থ্যকর্মীদের হুমকি-ধমকি, প্রতিবাদে মানববন্ধন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীরা। এ সময় স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকসংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। প্রায় আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম মফিদুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ, মেডিকেল অফিসার ডা. শরীফ মো. হাসানুজ্জামান সাব্বির, নার্সিং ইনচার্জ শারমিন আলম, মেডিকেল টেকনোলজিস্ট মো. মাহবুবুল আলম শাহীন এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মনিরুজ্জামান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় রেজাউল করিম ফাক্কুর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসক, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। শুধু দুর্ব্যবহারই নয়, তাঁদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার ঘটনাও ঘটছে। ফলে স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। এতে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে।

বক্তারা আরও অভিযোগ করেন, শুক্রবার দুপুরে রেজাউল করিম ফাক্কুর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি চিকিৎসা নেওয়ার কথা বলে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন। পরে একপর্যায়ে তাঁরা সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন এবং চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন। এ ধরনের ঘটনা হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করছে বলে জানান তাঁরা।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্যকর্মীরা মানুষের সেবা দেওয়ার জন্য নিয়োজিত। তাঁদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের অসৌজন্যমূলক আচরণ ও হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

এদিকে, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঘটে যাওয়া এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

মানববন্ধন থেকে বক্তারা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। দাবি পূরণে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর