নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়: দেশের অন্যতম বৃহৎ ও শীর্ষস্থানীয় ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠান সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর ৮৭৫তম শাখা হিসেবে পঞ্চগড় শাখার জমকালো উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই শাখার শুভ উদ্বোধন করেন এসএসএস-এর কার্যনির্বাহী পরিষদের সদস্য ও পঞ্চগড়ের বাসিন্দা জনাব মোহাম্মদ আলাউদ্দিন প্রধান। এই নতুন শাখার কার্যক্রম শুরুর মাধ্যমে হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড় জেলার প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে এবং স্থানীয় অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার জনাব মোঃ শাহীন মাহমুদ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জোন হিসাব কর্মকর্তা অরুণ কুমার, ঠাকুরগাঁওয়ের এরিয়া ম্যানেজার শেখ আনোয়ার হোসেন, আটোয়ারীর এরিয়া ম্যানেজার এমদাদুল হক মিলন এবং পঞ্চগড় শাখার শাখা ব্যবস্থাপক মোঃ জরিফুল ইসলামসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মী ও স্থানীয় সুধীজন।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা শাখার কার্যক্রমের শুভ সূচনা করেন এবং পরবর্তীতে নতুন সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে ঋণের চেক ও অর্থ তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলাউদ্দিন প্রধান বলেন, এসএসএস একটি শতভাগ মানবকল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে দেশের অবহেলিত ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র ঋণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি সমাজে একটি টেকসই উন্নয়নের ধারা তৈরি করতে সক্ষম হয়েছে। পঞ্চগড়ের এই নতুন শাখাটি এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে জোনাল ম্যানেজার মোঃ শাহীন মাহমুদ উল্লেখ করেন যে, এসএসএস কেবল ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান নয়, বরং এটি একটি বহুমুখী সেবামূলক সংস্থা। উত্তরবঙ্গের শীতার্ত মানুষের মাঝে প্রতি বছর কম্বল বিতরণ, পরিবেশ রক্ষায় চারা বিতরণ করে আসছে এই প্রতিষ্ঠানটি। তিনি আরও জানান, সহজ শর্তে ঋণ সুবিধা এবং সঞ্চয় কর্মসূচির মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তোলাই সংস্থাটির মূল লক্ষ্য। অনুষ্ঠান শেষে নতুন অন্তর্ভুক্ত সদস্যদের সংস্থার বিভিন্ন নিয়মাবলী ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।