রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

ধানশাইলে ডিসিসি ক্লাবের উদ্যোগে ৯টি ফুটবল বিতরণ, খেলাধুলায় উৎসাহিত হচ্ছে তরুণ প্রজন্ম

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৮১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ধানশাইলে ডিসিসি ক্লাবের উদ্যোগে ৯টি ফুটবল বিতরণ, খেলাধুলায় উৎসাহিত হচ্ছে তরুণ প্রজন্ম

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল কালচার ক্লাবের (DCC Club) তত্ত্বাবধানে ধানশাইল, নলকুড়া ও কাংশা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক ও ক্রীড়া সংগঠনের মাঝে ৯টি ফুটবল বিতরণ করা হয়েছে। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং শিক্ষার্থী ও যুবসমাজের মধ্যে ক্রীড়াচর্চার প্রসার ঘটানোর লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ কার্যক্রমের আওতায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনগুলোর কাছে ফুটবলগুলো পৌঁছে দেওয়া হয়।

জানা গেছে, ধানশাইল কালচার ক্লাবের (DCC Club) তত্ত্বাবধানে মোঃ মাহমুদ হাসান (রনি)-এর উদ্যোগে এ ফুটবল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এতে ডাঃ মহিদুল ইসলাম ৭টি এবং মোঃ মুজাম্মেল হক ২টি ফুটবল ক্রয় করে সহযোগিতা করেন। তাঁদের সম্মিলিত সহযোগিতায় মোট ৯টি ফুটবল বিতরণ করা সম্ভব হয়।

বিতরণ করা ফুটবলের মধ্যে ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নে ৭টি, নলকুড়া ইউনিয়নে ১টি এবং কাংশা ইউনিয়নে ১টি ফুটবল দেওয়া হয়েছে। এর মাধ্যমে তিনটি ইউনিয়নের মোট ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন ক্রীড়াসামগ্রী পেয়ে উপকৃত হয়েছে।

ফুটবলপ্রাপ্ত প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর মধ্যে রয়েছে—ধানশাইল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধানশাইল ইসলামী দাখিল মাদ্রাসা, বাগেরভিটা দাখিল মাদ্রাসা, বিনাপানি স্কুল, দাড়িয়াপার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুরন্ত স্পোর্টিং ক্লাব, বিলাশপুর ছাত্রঐক্য, আপন শিক্ষা পরিবার এবং বাকাকুড়া চৌরাস্তা মোড়।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ ধরনের উদ্যোগের ফলে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থী ও তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং নতুন খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

এলাকাবাসী মনে করছেন, ধানশাইল কালচার ক্লাবের এ মহতী উদ্যোগ শুধু ফুটবল বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার একটি প্রশংসনীয় প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর