ধানশাইল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ২ নং ধানশাইল ইউনিয়নের ধানশাইল, চাপাঝুড়া, জগৎপুড়সহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ কাউছার আহমেদ (সুমন)। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। পাশাপাশি বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক সহযোগিতাও প্রদান করেন তিনি।
ইঞ্জিনিয়ার মোঃ কাউছার আহমেদ (সুমন) ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্য এবং ডি.ই.এ.বি. শেরপুর জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের প্রতিটি ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেটিই সবার প্রত্যাশা। শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসবই নয়, বরং এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও মিলনের বার্তাও বহন করে।
তিনি আরও বলেন, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করা তাঁর অঙ্গীকার। ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখতে চান তিনি।
ধানশাইল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতার মধ্য দিয়ে ইঞ্জিনিয়ার মোঃ কাউছার আহমেদ সুমন সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।