ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ২ নং ধানশাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন
মরহুম আব্দুর রশিদ মেম্বার সাহেবের সন্তান,
শেরপুর জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি)-এর জেলা কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কাউছার আহাম্মেদ সুমন। তিনি ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্য।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধানশাইল ইউনিয়নে তাঁর প্রার্থিতা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন স্থানীয় পর্যায়ে দলীয় ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
রাজনৈতিকভাবে তাঁর পরিবারও দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে সম্পৃক্ত। প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমনের বাবা আব্দুর রশীদ ধানশাইল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। পাশাপাশি তিনি ধানশাইল ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে তিন যুগেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ঝিনাইগাতী উপজেলা বিএনপির বিভিন্ন দায়িত্বও পালন করেছেন।
স্থানীয় নেতাকর্মীদের মতে, প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন একজন শিক্ষিত ও সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে আসছেন। তাঁর প্রার্থিতাকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।
চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা এবং ধানশাইল ইউনিয়নকে মাদকমুক্ত ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রকৌশলী মো. কাউছার আহাম্মেদ সুমন বলেন, “ধানশাইল ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। দল যদি আমাকে সমর্থন দেয় এবং জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে ইউনিয়নের মানুষের জন্য কাজ করতে চাই। ধানশাইল ইউনিয়নকে মাদকমুক্ত, আধুনিক ও উন্নয়নমুখী একটি ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, এলাকার মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে নির্বাচনী মাঠে এগিয়ে যেতে চান। ধানশাইল ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে থেকে তাদের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় তিনি ধানশাইল ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।