মাদকমুক্ত ঝিনাইগাতী গড়তে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:মাদকমুক্ত ও সুস্থ-সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। তরুণ ও যুবসমাজকে মাদক, জুয়া ও নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
রোববার (৩০ আগস্ট) ঝিনাইগাতী উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের প্রতিনিধিদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
১৪৫, শেরপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী এবং ঝিনাইগাতী উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিলের অর্থায়নে ক্রয়কৃত ক্রীড়া সামগ্রী এসব প্রতিষ্ঠান ও ক্লাবের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।
এ সময় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা আরও বলেন, ‘খেলাধুলায় বাড়ে মনোবল, মাদককে বলি না’—এই চেতনা তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় খেলাধুলার পরিবেশ সৃষ্টি করা গেলে তরুণ সমাজকে মাদক ও অপরাধপ্রবণতা থেকে অনেকটাই দূরে রাখা সম্ভব হবে।
অনুষ্ঠানে ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-প্রতিনিধি এবং ক্রীড়া ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ক্রীড়া সামগ্রী বিতরণের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তারা আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী পাওয়ায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবে খেলাধুলার কার্যক্রম আরও গতিশীল হবে এবং নতুন প্রজন্ম মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়দের মতে, মাদকমুক্ত ঝিনাইগাতী গড়তে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে এগিয়ে নেওয়া সম্ভব।