নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব মোসাব্বিরের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, একটি চক্র এআই প্রযুক্তির মাধ্যমে রাকিব মোসাব্বিরকে জড়িয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর ভিডিও তৈরি করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি থেকে ছড়িয়ে দিচ্ছে। এতে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
দলীয় নেতাকর্মীদের দাবি, দলের দুঃসময়ে রাকিব মোসাব্বির সাহসিকতার সঙ্গে রাজপথে সক্রিয় ছিলেন। তার জনপ্রিয়তা ও সাংগঠনিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি মহল পরিকল্পিতভাবে প্রযুক্তির অপব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
এ ঘটনায় রাকিব মোসাব্বিরের পক্ষ থেকে বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে। যাহার জিডি নং- ৪৯, তারিখ: ০১/০৯/২০২৬ ইং। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া বা বিকৃত ভিডিও তৈরি করে কারও সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। তারা এ ধরনের অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাইবার অপরাধ তদন্তকারী সংস্থার কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
রাকিব মোসাব্বিরের বিরুদ্ধে পরিচালিত এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ১৪ নং নিয়ামতি ইউনিয়ন বিএনপির নেতাকর্মী সহ সাধারন জনগন। একই সঙ্গে ভুয়া আইডি শনাক্ত করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।