শ্রীবরদীর ৭ নং ভেলুয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কৃষিবিদ আনোয়ার পারভেজের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা
মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদী উপজেলার ৭ নং ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন কৃষিবিদ মুহাম্মদ আনোয়ার পারভেজ। তিনি শ্রীবরদী উপজেলা বিএনপির সম্মানিত সদস্য এবং ৭ নং ভেলুয়া ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা।
সম্প্রতি ইউনিয়নবাসীর উদ্দেশে দেওয়া এক বক্তব্যে কৃষিবিদ মুহাম্মদ আনোয়ার পারভেজ বলেন, তিনি ভেলুয়া ইউনিয়নেরই সন্তান এবং দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। জনগণের ভালোবাসা, আস্থা ও সমর্থন নিয়ে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাদের সামনে হাজির হয়েছেন।
তিনি বলেন, নির্বাচিত হলে তাঁর লক্ষ্য হবে ৭ নং ভেলুয়া ইউনিয়নকে একটি ডিজিটাল, আধুনিক, উন্নত ও সুশাসিত ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার কথা জানান তিনি।
কৃষিবিদ আনোয়ার পারভেজের ঘোষিত পরিকল্পনার মধ্যে রয়েছে—ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সুষম উন্নয়ন নিশ্চিত করা। টিআর ও কাবিখাসহ বিভিন্ন সরকারি উন্নয়ন কর্মসূচির আওতায় রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও অবকাঠামোর উন্নয়ন করার কথা জানান তিনি।
এছাড়া দরিদ্র, অসহায়, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী মানুষের সরকারি ভাতা যথাযথভাবে প্রকৃত যোগ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, সরকারি সেবা পেতে যেন কোনো মানুষকে হয়রানি বা অতিরিক্ত অর্থ ব্যয় করতে না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
শিক্ষাক্ষেত্রে স্কুল-কলেজের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সহায়ক বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী আনোয়ার পারভেজ। পাশাপাশি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোর সেবার মান ও পরিধি বাড়ানোর উদ্যোগ এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।
যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে বেকার যুবকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
ডিজিটাল ইউনিয়ন গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে জনগণের জন্য অনলাইনভিত্তিক সেবা সহজলভ্য করার কথাও বলেন কৃষিবিদ আনোয়ার পারভেজ। এতে ইউনিয়নবাসীর সময়, অর্থ ও ভোগান্তি কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নিজের প্রার্থিতার বিষয়ে আনোয়ার পারভেজ বলেন, তিনি নেতা হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চান। নির্বাচিত হলে ইউনিয়নবাসীর ভোটের মর্যাদা রক্ষা করে সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।