মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা

তাড়াশ টাইমস / ২৪ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

সম্প্রতি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম অনিক চৌধুরীসহ উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সংক্রান্ত সংবাদ প্রকাশের পর একটি স্বার্থান্বেষী মহল সংগঠনটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।

বিশেষ করে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্গঠনের চেষ্টা চলছে—এমন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন প্রেসক্লাবের নেতারা।

এক প্রতিবাদলিপিতে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইন ও সাধারণ সম্পাদক ফরহাদ রহমান বলেন, টেকনাফ উপজেলা প্রেসক্লাব একটি পেশাদার সাংবাদিক সংগঠন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, জনস্বার্থ রক্ষা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখাই এ সংগঠনের মূল লক্ষ্য।

তারা জানান, গত ১ নভেম্বর ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ছিল সম্পূর্ণ পেশাগত ও জনস্বার্থসংশ্লিষ্ট। ওই আলোচনায় উন্নয়নকাজের স্বচ্ছতা, সড়ক ও অবকাঠামোর গুণগত মান নিশ্চিত করা, ভোটারদের হয়রানি বন্ধ, নির্বাচন অফিসে দালালদের দৌরাত্ম্য প্রতিরোধ এবং রোহিঙ্গাদের অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ঠেকানোর মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

প্রতিবাদলিপিতে তারা আরও বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট এসব বিষয়কে রাজনৈতিক রং দিয়ে একটি সাংবাদিক সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া জকোনো সংগঠনকে রাজনৈতিক তকমা দেওয়া দায়িত্বশীলতার পরিচয় নয়। কারও কাছে এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আহ্বান জানান তারা।

প্রেসক্লাবের নেতৃবৃন্দ স্পষ্ট করে বলেন, টেকনাফ উপজেলা প্রেসক্লাব কোনো রাজনৈতিক দলের পুনর্গঠন কিংবা দলীয় কার্যক্রমের প্ল্যাটফর্ম নয়। সাংবাদিকতার স্বাধীনতা, নিরপেক্ষতা ও জনস্বার্থ রক্ষায় সংগঠনটি তার সাংগঠনিক নীতিমালা অনুযায়ী কাজ করে যাবে।

তাদের ভাষ্য, প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মানেই রাজনৈতিক সংশ্লিষ্টতা নয়; বরং জনগণের সমস্যা ও অধিকার তুলে ধরা সাংবাদিকতার অন্যতম দায়িত্ব।

বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতেও টেকনাফ উপজেলা প্রেসক্লাব অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগের বিরুদ্ধে দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখবে। কোনো অপপ্রচার, ভয়ভীতি কিংবা ষড়যন্ত্রের কাছে সংগঠনের নীতি ও আদর্শকে নত করা হবে না।

প্রতিবাদকারী:
নুরুল হোসাইন, প্রতিষ্ঠাতা সভাপতি
ফরহাদ রহমান, সাধারণ সম্পাদক
টেকনাফ উপজেলা প্রেসক্লাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর