শ্রীবরদীতে ১৬ বছরের কিশোরীর বাল্যবিবাহ বন্ধ, জরিমানা
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খাটিয়াডাঙ্গা গ্রামে ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বাল্যবিবাহ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খাটিয়াডাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ সরেজমিনে উপস্থিত হয়ে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৬ বছর বয়সী ওই কিশোরীর বিয়ের আয়োজন করা হচ্ছে—এমন খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে কিশোরীর বয়স যাচাইসহ প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে বিয়ের আয়োজন বন্ধ করা হয়।
এ সময় বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে কিশোরীর পরিবার ও সংশ্লিষ্টদের সচেতন করা হয়। পাশাপাশি বাল্যবিবাহের আয়োজন বা সহযোগিতা না করার জন্য তাদের সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, বাল্যবিবাহ একটি সামাজিক ও আইনগত অপরাধ। কিশোর-কিশোরীদের অল্প বয়সে বিয়ে না দিয়ে তাদের শিক্ষা ও স্বাভাবিক বিকাশের সুযোগ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।