টেকনাফে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সমাজকল্যাণমন্ত্রী
মোহাম্মদ হোসাইন:
মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
এর আগে বিকেলে মন্ত্রী টেকনাফ উপজেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে মতবিনিময় সভা শেষে বাহারছড়া ও হোয়াইক্যং ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪৬ জন সদস্যের মধ্যে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ৯২ হাজার টাকা আর্থিক সহায়তা বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে পাঁচটি হুইলচেয়ার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনিক চৌধুরী, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে সর্বস্তরের মানুষের সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।